Biology: কোশ

দিন/রাত

CLASS NO: 05

এন্ডোপ্লাজমীয় জালিকা (Endoplasmic Reticulum)

এন্ডোপ্লাজমীয় জালিকা কাকে বলে? এর অবস্থান লেখো।

একক পর্দা পরিবৃত, শাখান্বিত নলাকার অঙ্গাণু, যা ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমকে কতকগুলি প্রকোষ্ঠে ভাগ করে এবং কোশের ভিতরের ক্ষেত্রফল বৃদ্ধি করে, তাকে এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম (ER) বলে।

অবস্থান: ইউক্যারিওটিক কোশে এন্ডোপ্লাজমীয় জালিকা কোশের সাইটোপ্লাজমীয় ধাত্রে, মূলত এন্ডোপ্লাজমে অবস্থান করে। এরা কোশপর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে।

এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন লেখো।

এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত:

  1. সিস্টারনি: শাখাবিহীন, লম্বা, চ্যাপটা থলির মতো।
  2. ভেসিক্স: গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো।
  3. টিউবিউল: শাখাযুক্ত নালিকাকার গঠন।

এন্ডোপ্লাজমীয় জালিকার গাত্রে রাইবোজোম দানা থাকলে তাকে অমসৃণ বা দানাদার এন্ডোপ্লাজমীয় জালিকা (Rough ER) বলে।
রাইবোজোম দানা না থাকলে তাকে মসৃণ বা দানাবিহীন এন্ডোপ্লাজমীয় জালিকা (Smooth ER) বলে।

এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ লেখো।

  1. এন্ডোপ্লাজমীয় জালিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোশ-অঙ্গাণু গঠনে অংশ নেয়।
  2. সাইটোপ্লাজমের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে পরস্পর থেকে পৃথক রাখে।
  3. দানাদার (Rough ER) প্রোটিন সংশ্লেষে সহায়তা করে।
  4. কোশের ভিতরে কার্যকরী ক্ষেত্রতল বৃদ্ধি করে।

গলগি বডি (Golgi Body)

গলগি বডি কাকে বলে? এর অবস্থান কোথায়? এর গঠন বর্ণনা করো এবং কাজ লেখো।

একক পর্দাযুক্ত, কোশীয় ক্ষরণকার্যে নিযুক্ত চ্যাপটা থলি ও ক্ষুদ্র গহ্বরের মতো অঙ্গাণু, যা কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি অংশে অবস্থান করে, তাকে গলগি বডি বলে। উদ্ভিদকোশের গলগি বডিকে ডিকটিওজোম বলে।

অবস্থান: উদ্ভিদ ও প্রাণীকোশের সাইটোপ্লাজমীয় ধাত্রে নিউক্লিয়াসের খুব কাছাকাছি অংশে।

গঠন: গলগি বডি ছোট ছোট গহ্বর ও চ্যাপটা থলির সমন্বয়ে গঠিত। তিন ধরনের গঠন দেখা যায়:

  1. ল্যামেলি বা সিস্টারনি: চ্যাপটা থলির মতো, পরপর সমান্তরালভাবে সজ্জিত।
  2. ভ্যাকুওল: সিস্টারনির প্রান্তভাগে বড় গোলাকার অংশ।
  3. মাইক্রোভেসিক্স: সিস্টারনির প্রান্তভাগে ছোট গোলাকার অংশ।

কাজ:

  1. কোশের ক্ষরণ অঙ্গাণু; উৎসেচক, হরমোন, মিউকাস ইত্যাদি ক্ষরণ করে।
  2. কোশপর্দা ও কোশপ্রাচীর গঠনে অংশগ্রহণ।
  3. পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সহায়তা।
  4. খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার।
  5. লাইসোজোম ও অন্যান্য কোশ-অঙ্গাণু সৃষ্টিতে অংশগ্রহণ।
  6. কোশ মধ্যস্থ বিভিন্ন পদার্থ (ক্ষরিত প্রোটিন, উৎসেচক ইত্যাদি) পরিবহণে সাহায্য করে।

লাইসোজোম (Lysosome)

লাইসোজোম কাকে বলে? এর অবস্থান কোথায়? এর গঠন বর্ণনা করো এবং কাজ লেখো।

প্রাণীকোশের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত, একক পর্দাবৃত, আর্দ্রবিশ্লেষক উৎসেচক সমন্বিত, অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় পরিপাক নিয়ন্ত্রণকারী থলি সদৃশ অঙ্গাণুকে লাইসোজোম বলে।

অবস্থান: প্রোটোজোয়া-সহ অধিকাংশ প্রাণীকোশে, কিছু ছত্রাক, ভুট্টার মলাগ্রের কোশ ও মটর বীজের কোশেও দেখা যায়।

গঠন:

  1. গহ্বর বা থলির মতো।
  2. একক পর্দাবেষ্টিত।
  3. পর্দা ঘেরা গহ্বরের মধ্যে গাঢ় সমসত্ত্ব তরল থাকে, যাতে প্রায় 40 প্রকারের অ্যাসিড হাইড্রোলেজ উৎসেচক (নিউক্লিয়েজ, প্রোটিয়েজ, লাইপেজ ইত্যাদি) থাকে।
  4. অভ্যন্তরীণ গঠন অনির্দিষ্ট ও পরিবর্তনশীল; অনেক সময় দানাদার পদার্থ, অপাচিত বস্তু থাকে।

কাজ:

  1. বহিঃকোশীয় ও অন্তঃকোশীয় পরিপাক ক্রিয়ায় সাহায্য করে।
  2. রোগাক্রান্ত অবস্থায় কোশ-অঙ্গাণুগুলিকে পাচিত করে।
  3. কোশের জীর্ণ অক্ষম অঙ্গাণুকে ধ্বংস করে (অটোফ্যাগি)।
  4. রোগজীবাণু ধ্বংস করে, আত্মরক্ষায় সাহায্য করে।
  5. ভ্রুণের বৃদ্ধির সময় খাদ্য সরবরাহ করে।

ধন্যবাদ